শব্দ বেশি করায় পাকিস্তানের পেশোয়ারের একটি বাড়িতে ৭ বছরের এক শিশুকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে। পুলিশ জানায়, পেশোয়ারের আরবাব রোডের একটি বাড়িতে অন্যান্য শিশুদের সাথে খেলার সময়ে চাচার গুলিতে ঘটনাস্থলেই মৃত্যু হয় ইশাল নামের ওই শিশুটির। খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউন।
এ বিষয়ে পুলিশ জানায়, গত ২৪ এপ্রিল পাকিস্তানে এই প্রদেশে এই দুঃখজনক ঘটনা ঘটেছে। জানা যায়, ইশালের বাড়ির দোতলাতেই বাস করেন চাচা ফজল হায়াত।। গুলি চালানোর পর পালিয়ে গেছে চাচা ফজল হায়াত। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
ইশালের বাবা থাকাল পুলিশ স্টেশনে ফজল হায়াতের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন। তাকে গ্রেফতারে অভিযান চলছে।
এর আগেও মার্চ মাসে দেশটিতে এক নাবালক ভাতিজিকে যৌন নিপীড়নে বাধ্য করার অভিযোগে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড ও জরিমানা করা হয়। রায়ে নিপীড়নের শিকার শিশুর মা ও ভাইকেও ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয় অপরাধে সহযোগিতার জন্য। এবং সেইসাথে ২০ লাখ রুপি জরিমানা করা হয়।












