ঝড়ো হাওয়ার সম্ভাবনা, বন্দরে সতর্কতা

দেশের কয়েকটি অঞ্চলের উপর দিয়ে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ কথা জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়, রাজশাহী, রংপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, সিলেট এবং চট্টগ্রাম অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সাথে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এসব এলাকার নদীবন্দরসমুহকে ১ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে সকাল ৬টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, খুলনা, রাজশাহী ও রংপুর বিভাগের অনেক জায়গায় এবং ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় বিজলী চমকানোসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া ও হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আজ সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৮ শতাংশ।

আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬ টা ২৬ মিনিটে ও আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৫ টা ২৬ মিনিটে।

সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৩ দশমিক ৬ ডিগ্রী সেলসিয়াস। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ১৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস।

গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ৬৫ মিলিমিটার। এছাড়া নেত্রকোনায় ১০ মিলিমিটার, সিলেটে ৬ মিলিমিটার এবং রাজশাহীতে ৫ মিলিমিটার।

আগামী ৭২ ঘণ্টায় অর্থ্যাৎ ৩ দিন দেশে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।

আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন