দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে উদ্ভূত পরিস্থিতিতে ঢাকা মহানগরীর প্রতিষ্ঠিত রেস্টুরেন্ট ও রেস্তোরাঁগুলো আগামীকাল মঙ্গলবার থেকে ইফতারি প্রস্তুত ও বিক্রয় করতে পারবে। তবে ফুটপাতে কোন ধরনের ইফতারির পসরা বসিয়ে বেচা-কেনা করা যাবে না।
সোমবার (২৭ এপ্রিল) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ সংক্রান্ত নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
নির্দেশনায় ডিএমপি বলছে, নগরবাসী প্রতিষ্ঠিত রেস্টুরেন্ট/রেঁস্তোরা থেকে ইফতারি ক্রয় করতে পারবেন। তবে রেস্টুরেন্ট/রেঁস্তোরায় বসে ইফতার খেতে পারবেন না। ইফতারি বিক্রেতা এবং ক্রেতা সকলকে অবশ্যই স্বাস্থ্যবিধি অনুসরণ করে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে বলেও জানানো হয়।
এদিকে এতদিন সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত খোলা রাখার নির্দেশনা ছিল। এবার খোলা রাখার সময় আরও দুই ঘণ্টা বাড়ানো হয়েছে। সেক্ষেত্রে এখন থেকে ঢাকা মহানগরের বিভিন্ন পাড়া-মহল্লায় অবস্থিত নিত্যপণ্যের দোকানগুলো বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে।
স্বীকৃত কাঁচাবাজার ও সুপারশপসমূহ আগের মতো প্রতিদিন সকাল ৬টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে। ওষুধের দোকান এবং জরুরি সার্ভিসগুলো এই নির্দেশনার আওতায়মুক্ত থাকবে।
মাসুদুর রহমান বলেন, ‘উদ্ভূত করোনার এ সংকট মোকাবিলায় ঢাকা মহানগর পুলিশ এ উদ্যোগ নিয়েছে। সম্মানিত নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করছে ডিএমপি।’












