গত ফেব্রুয়ারি-মার্চে অস্ট্রেলিয়ায় শেষ হওয়া নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সবগুলো ম্যাচ হেরে বিদায় নেয় বাংলাদেশ। নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার বিপক্ষে জেতার আশা জাগালেও শেষ পযর্ন্ত ব্যর্থ হয় বাংলাদেশ। অথচ এর আগে অনুশীলন ম্যাচে তারা দাপটের সঙ্গে হারিয়ে দিয়েছিল পাকিস্তানকে। কিন্তু মূল মঞ্চে সেই ছন্দ ধরে রাখতে পারেনি সালমা খাতুনের দল। দলের এমন পারফরমেন্সে অসন্তুষ্ট বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। করোনা ভাইরাস পরিস্থিতির কারণে দলের হতশ্রী পারফরমেন্সের ময়নাতদন্ত করতে পারেনি বিসিবি। টাইগ্রেসরা বিশ্বকাপে খেলেছে ভারতীয় কোচ আনজু জেইনের অধীনে। দলের উপর ভারতীয় কোচের ছিল একচ্ছত্র আধিপত্য।
কোচের একক সিদ্ধান্তে অলরাউন্ডার রোমানা আহমেদকে ব্যাটিং অর্ডারের নীচের দিকে নামানো নিয়েও অসন্তুষ্ট বিসিবি। ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, চাকরি হারাতে চলেছেন টাইগ্রেদের ভারতীয় কোচ।নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত আনজু জেইনের সঙ্গে চুক্তি ছিল বিসিবির। আনুষ্ঠানিকভাবে না জানালেও বিসিবি আর ভারতীয় কোচের সঙ্গে চুক্তি নবায়ন করবে না। সে সঙ্গে ব্যাপক পরিবর্তন আসছে নারী দলের কোচিং প্যানেলেও।
বিসিবির নারী বিভাগের চেয়ারম্যান শাফিউল আলম চৌধুরী ক্রিকবাজকে বলেন, ‘সবকিছু স্বাভাবিক হলে নারী বিশ্বকাপে দলের খারাপ পারফরম্যান্স মূল্যায়ন করতে বসবো আমরা। আমরা এটা নিয়ে আগেই বসতে চেয়েছিলাম। কিন্তু করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বসতে পারিনি।’
গত মার্চে টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের প্রতি আনজু জেইনের একক কর্তৃত্ব নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর বিসিবি নারী দলের জন্য নতুন কোচ নিয়োগের প্রক্রিয়া শুরু করে। যদিও করোনা ভাইরাসের কারণে সে প্রক্রিয়া থমকে গেছে। পরিস্থিতি স্বাভাবিক হলে কোচ নিয়োগ সম্পন্ন করবে বিসিবি।












