আশরাফুল করোনা মোকাবেলায় ফাউন্ডেশন গড়ছেন

করোনায় আক্রান্ত বাংলাদেশ। অসহায় হয়ে পড়েছে মধ্যবিত্ত ও নিম্ম আয়ের মানুষরা। এ অবস্থায় অসহায়দের পাশে দাঁড়ানোর জন্য এগিয়ে আসছেন বাংলাদেশের বর্তমান ও সাবেক ক্রিকেটাররা। করোনা যুদ্ধে লড়ে যাচ্ছে মাশরাফি-সাকিবের ফাউন্ডেশন। এবার অসহায়, দুস্থ ও সাহায্যপ্রার্থীদের জন্য ফাউন্ডেশন গড়ে তোলার ঘোষণা দিলেন এ সময়ের জনপ্রিয় ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল। দেশের ক্রিকেটের বড় এই তারকা ইতোমধ্যে ফাউন্ডেশন গঠনের কার্যক্রম শুরু করেছেন।

 

ব্যক্তি-নামে ফাউন্ডেশন করার ক্ষেত্রে কী কী প্রক্রিয়া অনুসরণ করতে হয়, এখন সেই বিষয়গুলিই ঘাঁটছেন আশরাফুল। তাকে সহায়তা করেছেন ব্যক্তিগত আইনজীবি খালেক চৌধুরী। ফাউন্ডেশন গঠনের ক্ষেত্রে যেসব আইনি প্রক্রিয়া আছে সেগুলো সম্পন্ন করেই ফাউন্ডেশনের যাত্রা শুরু করতে হবে আশরাফুলকে।

আশরাফুল জানান, ফাউন্ডেশন গঠন করতে কয়দিন সময় লাগতে পারে- তা আপাতত নিশ্চিত নয়। তবে দ্রুততম সময়ের মথ্যে ফাউন্ডেশন প্রস্তুত হলে আশরাফুল নিলামের মাধ্যমে তার ক্রিকেট সরঞ্জাম বিক্রির অর্থও ফাউন্ডেশনের তহবিলে জমা দিতে আগ্রহী। তিনি আরও জানান, ফাউন্ডেশনের অর্থ সরাসরি দুস্থদের সহায়তার কাজে লাগানোর পাশাপাশি প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ও ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) তহবিলে অনুদান হিসেবে প্রদানেরও পরিকল্পনা রয়েছে।

বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে ফাউন্ডেশন আছে মাশরাফি বিন মর্তুজা ও সাকিব আল হাসানের। মাশরাফির ফাউন্ডেশনের নাম নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন, যা ২০১৭ সালে যাত্রা শুরু করে। দ্য সাকিব আল হাসান ফাউন্ডেশন নামে সাকিবের গড়া ফাউন্ডেশনটি করোনায় সৃষ্ট দুর্যোগপূর্ণ সময়ে কার্যক্রম শুরু করেছে।

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন