গণমাধ্যমে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া বিবৃতিতে বারণ

কর্তৃপক্ষের অনুমতি ছাড়া স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের গণমাধ্যমে কোনো বিবৃতি না দেয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বৃহস্পতিবার দুপুরে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে যুক্ত হয়ে তিনি একথা বলেন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে বুধবার করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসায় ভিআইপিদের জন্য ঢাকার শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতাল প্রস্তুত হচ্ছে বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। গণমাধ্যমে প্রকাশিত এই খবরে সমালোচনার মুখে পড়ে স্বাস্থ্য মন্ত্রণালয়। পরে স্বাস্থ্যমন্ত্রী সেই খবর নাকচ করে দেন। কিন্তু নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে বিবৃতি দেওয়াও বারণ করলেন মন্ত্রী।

জাহিদ মালেক বলেন, ‘বিভিন্ন খবরের কাগজ ও গণমাধ্যমে প্রকাশ হয়েছে, ভিআইপিদের জন্য আলাদা হাসপাতাল তৈরি করা হচ্ছে। এ বিষয়টি সঠিক নয়। সরকার এরকম কোনো ধরনের ব্যবস্থা করেনি। সবার জন্য একই হাসপাতাল এবং একই চিকিৎসার ব্যবস্থা রাখা হয়েছে।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমি আরও আহ্বান করব, কেউ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনো ধরনের বিবৃতি দেবেন না।’

এছাড়াও এই কারণে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয় এবং তা সরকারি নীতি বহির্ভূত বলেও জানান তিনি।

এদিকে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের জন্য নির্ধা‌রিত কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে খাবার সংকটের কথা এক নার্সের মাধ্যমে গণমাধ্যমে প্রকাশ হওয়ার পর সাংবাদিকদের সঙ্গে নার্সদের কথা বলা বন্ধ রাখার নির্দেশ দেয় নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর। শুরুতে করোনাভাইরাসের প্রাদুর্ভাব নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের সুযোগ দেওয়া হলেও পরে তা বন্ধ করে দেওয়া হয়।

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন