মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ ও বিস্তার প্রতিরোধে দেশের সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে সাধারণ ছুটির মেয়াদ ৫ মে পর্যন্ত বাড়িয়েছে সরকার। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রনালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।এ নিয়ে পঞ্চমবারের মতো সাধারণ ছুটি বাড়ানো হল।
জনপ্রশাসন মন্ত্রণালয় জানায়, দীর্ঘমেয়াদি ছুটির কারণে সাধারণ মানুষ বিশেষ করে নিম্নআয়ের লোকজন সমস্যায় রয়েছেন। এ বিষয়টি মাথায় রেখে এবারের ছুটির প্রজ্ঞাপনে উৎপাদনমুখী শিল্প কারখানাগুলো খুলে দেয়াসহ জনসাধারণের সুবিধার কথা মাথায় রেখে গণপরিবহন উন্মুক্ত করা হবে।সেইসঙ্গে নৌ-পথে পণ্য পরিবহণ চালু থাকবে।এ সময়ে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে জানানো হয়।
এর আগে স্বাস্থ্যমন্ত্রীর নেতৃত্বে গঠিত করোনা ভাইরাস প্রতিরোধ সংক্রান্ত জাতীয় কমিটি আরও সাতদিন সাধারণ ছুটি বাড়ানোর প্রস্তাব করে।
গত ৮ মার্চ প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী পাওয়ার পর গত ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল এবং পরে ৫-৯ এপ্রিল, পরে ১৪ এপ্রিল এবং সবশেষ ২৫ এপ্রিল পর্যন্ত ছুটি বাড়ানো হয়েছিল।
এ বিষয়ে জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন সংবাদ মাধ্যমকে বলেন, অফিস খুলে দেয়ার মতো পরিস্থিতি এখনও সৃষ্টি হয়নি।ছুটিকালে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখা যাবে না। পরিস্থিতি বিবেচনা করে পরবর্তীতে শিল্প-কারখানা, কৃষি এবং উৎপাদন ও সরবরাহ ব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রগুলো ও গণপরিবহন পর্যায়ক্রমে উন্মুক্ত করা হবে।












