বাংলাদেশের হয়ে প্রথম ডাবল সেঞ্চুরি করা ব্যাটটি নিলামে তোলার ঘোষণা দিয়েছেন মুশফিকুর রহীম। প্রয়োজনে অন্যান্য স্মারকও করোনো দুর্গতদের সহায়তায় নিলামে তুলতে চান দেশে সেরা এই ব্যাটসম্যান। সাকিবও ঘোষণা দিয়েছেন বিশ্বকাপে ইতিহাস গড়া ব্যাটটি নিলামে তোলার। মুশফিক, সাকিবের পর এবার করোনায় ক্ষতিগ্রস্থদের সাহায্য করতে নিজের দুটি ব্যাট নিলামে দিতে চান মোহাম্মদ আশরাফুল। মঙ্গলবার নিজের ফেসবুক পেইজে এ ইচ্ছের কথা জানান টেস্ট ক্রিকেটের সর্বকনিষ্ঠ এই সেঞ্চুরিয়ান।
সবচেয়ে কম বয়সী ব্যাটসম্যান হিসেবে শ্রীলঙ্কার বিপক্ষে নিজের অভিষেক টেস্টে সেঞ্চুরি এবং ২০০৫ সালে ন্যাটওয়েস্ট সিরিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ জেতানো সেঞ্চুরির ব্যাট দুটো নিলামে দিতে চান আশরাফুল। সে কথা জানিয়ে এক ভিডিও বার্তায় তিনি বলেন, আমার ওই দুটি স্মরণীয় সাফল্যের স্মরক ব্যাট দুটি নিলামে দিতে চাই। নিলামে পাওয়া সমুদয় অর্থ করোনা ক্ষতিগ্রস্থদের সহায়তায় ব্যায় করার ইচ্ছে আছে।’
তবে ব্যাট নিলামে তোলার বিষয়টি আগেই ভেবে রেখেছিলেন এই ব্যাটসম্যান। এ ব্যাপারে তার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘দেশের করোনা পরিস্থিতি যদি খারাপের দিকে যায় তাহলে আমিও এ ব্যাপারে এগিয়ে আসার চিন্তাটা মাথায় রেখেছিলাম।’
নিলামের প্রক্রিয়া নিয়ে একটু দুশ্চিন্তায় আছেন আশরাফুল।
তিনি বলেন, ‘যেহেতু সব বন্ধ, তাই প্রকাশ্য নিলাম করাও তো সম্ভব না। এখন কিভাবে কি করবো? তা নিয়ে চিন্তায় আছি।’ তবে মুশফিক, সাকিব যেভাবে নিলাম করবেন, সেটাকে অনুসরণ করতে চান তিনি। আশরাফুল বলেন, ‘খোঁজ নিয়ে জেনেছি, মুশফিকুর রহীমের ব্যাট ডিজিটাল নিলাম হবে। সেই ডিজিটাল নিলামের সাথে যারা সংশ্লিষ্ট, আমি তাদের সাথে যোগাযোগ করেছি। তাদের সাহায্য নিতে চাই আমিও। দেখি মুশফিকের ব্যাট যে প্রক্রিয়ায় নিলাম হবে, আমার ব্যাট দুটিও সেভাবেই নিলামে তোলা যায় কি না।’












