মঙ্গলবার রাতে বিশ্বকাপে ইতিহাস গড়া ব্যাটটি নিলামে তোলার ঘোষণা দিয়েছিলেন সাকিব আল হাসান। বুধবার দুপুরে ব্যাটটির নিলাম প্রক্রিয়া ঠিক করে দিয়েছেন দেশসেরা এই ক্রিকেটার। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘Auction 4 Action’ নামক পেজের মাধ্যমে নিজের ব্যাটটি নিলামে দিয়েছেন সাকিব। এই ব্যাটের ভিত্তিমূল্য ধরা হয়েছে ৫ লাখ টাকা। আজ রাত ১১টা পর্যন্ত যে কেউ ব্যাটটি নিজের করে নেয়ার জন্য বিড করতে পারবেন।
প্রায় ৮ ঘণ্টা ধরে দরদরি করার পর সর্বোচ্চ ভিত্তিমূল্য হাঁকানো ব্যক্তিই হবেন এই ব্যাটের মালিক। পরে ২৪ ঘণ্টার মধ্যে অর্থ পরিশোধ করে ব্যাটটি নিতে পারবেন বিজয়ী ব্যক্তি। এই নিলাম থেকে পাওয়া পুরো টাকাই খরচ করা হবে করোনায় দুর্গতদের সহায়তায়।
এই ব্যাটের বিশেষত্ব হলো, ২০১৯ সালের পুরো বিশ্বকাপটা এই ব্যাট দিয়েই খেলেছেন সাকিব। যেখানে ৮ ম্যাচে ২ সেঞ্চুরিসহ বাংলাদেশের রেকর্ড ৬০৬ রান করেছেন তিনি।
এছাড়া আগে-পরে সবমিলিয়ে এই ব্যাট দিয়ে দেড় হাজারের বেশি আন্তর্জাতিক রান করেছেন সাকিব।
ফলে ক্রিকেটপ্রেমীদের কাছ এই ব্যাটের চাহিদা অনেক। সাকিব নিজেও আশা করছেন এই ব্যাটের নিলাম থেকে বড় অঙ্কের অর্থসাহায্য সংগ্রহ করা সম্ভব হবে। তবে যদি কেউ ভিত্তিমূল্যও দিতে রাজি না হয়, তাহলে ‘Auction 4 Action’ এর ওয়েবসাইটে আগামী ৩০ দিনের জন্য বিজ্ঞাপন হিসেবে তুলে দেয়া হবে এটি।
এদিকে মুশফিকুর রহীমের প্রথম ডাবল সেঞ্চুরি ব্যাট ও আশরাফুলের রেকর্ড গড়া ব্যাট দুটিও নিলামে উঠানো হবে বলে জানিয়েছেন তারা।












