চেন্নাইয়ে আটকেপড়া আরও ১৬৪ বাংলাদেশি দেশে ফিরলেন

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ভারতের চেন্নাইয়ে আটকেপড়া ১৬৪ বাংলাদেশিকে ফিরিয়ে আনা হচ্ছে।

ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইট বুধবার বিকাল পৌনে ৪টায় আটকেপড়া যাত্রীদের নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

ইউএস-বাংলা এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক মো. কামরুল ইসলাম যুগান্তরকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আগামী ২৪ ও ২৫ এপ্রিল চেন্নাই থেকে ঢাকায় আরও দুটি বিশেষ ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা। ১৬৪ আসনের বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে ফ্লাইটগুলো পরিচালিত হচ্ছে। এসব ফ্লাইট চেন্নাই থেকে দুপুর ১২টা ১৫ মিনিটে ছেড়ে আসবে এবং বিকেল সাড়ে ৩টায় ঢাকায় পৌঁছাবে।

চিকিৎসার জন্য গিয়ে ভারতের বিভিন্ন অঞ্চলে গত এক মাসেরও বেশি সময় আটকা পরেছেন হাজার হাজার বাংলাদেশি। গত ১৭ মার্চ থেকে আকাশপথে যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ার কারণে কোনোভাবেই বাংলাদেশি যাত্রীরা দেশে ফিরে আসতে পারছিলেন না।

এ অবস্থায় ভারতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস আটকেপড়া বাংলাদেশি যাত্রীদের ফিরিয়ে আনার উদ্যোগ গ্রহণ করেছে এবং সহযোগিতার হাত বাড়িয়েছে ইউএস-বাংলা এয়ারলাইনস। বিশেষ ফ্লাইটগুলোতে শুধু বাংলাদেশিরাই ভ্রমণ করতে পারবেন।

মো. কামরুল ইসলাম আরও জানান, যাত্রীদের করোনাভাইরাসমুক্ত কোভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেট থাকলে অবশ্যই নিজ নিজ বাসায় হোম কোয়ারেন্টিনে থাকতে হবে।

আর যেসব যাত্রীর কোভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেট নেই, সেসব যাত্রীকে সরকার নির্ধারিত প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকার নির্দেশনা রয়েছে।

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন