জাতীয় ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল ও স্পিনার নাজমুল ইসলাম অপুর যৌথ উদ্যোগে নারায়ণগঞ্জে ত্রাণ বিতরণ শুরু হয়েছে। এরই মধ্যে ৩৪৫ জন দরিদ্র মানুষ সহায়তা পেয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন অপু। তিনি বলেন, ‘আমি যে উদ্যোগ নিয়েছিলাম ৭০০ জন দরিদ্র মানুষকে সহযোগিতা করার, তা শুরু করেছি। আমাকে এ কাজে সাহায্য করেছেন আমাদের ওয়ানডে অধিনায়ক তামিম ভাই। আমি এরই মধ্যে ৩৪৫ জনকে দিয়েছি। ধাপে ধাপে আরও দেয়া হবে।
’করোনা ভাইরাসে শিল্প নগরী নারায়ণগঞ্জ ক্ষতিগ্রস্থ। আক্রান্ত প্রায় ৫০০।
মৃতের সংখ্যা ৩০ ছাড়িয়েছে। সরকারের নির্দেশে এখনাকার সব কল-কারখানা বন্ধ রয়েছে। পুরো শহরই লকডাউনে। যে কারণে চরম বিপদে হাজার হাজার শ্রমিক। ঘরে খাবার নেই, কেনার মত টাকাও নেই। নিজেদের শহরের এমন বিপদে জাতীয় দলে খেলা নারায়ণগঞ্জের বেশ ক’জন ক্রিকেটার এগিয়ে এসেছেন দরিদ্র মানুষের পাশে। রনি তালুকদার ত্রাণ দিয়েছেন ৫০০ জনকে। এবার ৭০০ জন মানুষকে সাহায্য করছেন স্পিনার নাজমুল ইসলাম অপু। এই মহতী উদ্যোগে তাকে সমর্থন দিয়ে নারায়ণগঞ্জের মানুষের পাশে দাঁড়িয়েছেন জাতীয় ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল। এছাড়াও তাদের সঙ্গে আছেন নারায়ণগঞ্জের শিল্প প্রতিষ্ঠান নিটকনসার্নের এমডি জাহাঙ্গীর মোল্লা।












