৪ মে থেকে লকডাউন শিথিল হচ্ছে ইতালিতে

ইতালিতে করোনাভাইরাসের বিস্তার কিছুটা কমে আসায় আগামী ৪ মে থেকে লকডাউন শিথিল হচ্ছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জিউসেফ কোঁতে। তবে একবারে পুরোপুরি না তুলে পরিকল্পনামাফিক এসব নিষেধাজ্ঞা তুলে নেয়া হবে বলে তিনি জানান।

মঙ্গলবার ফেসবুকে দেয়া এক পোস্টে ইতালির প্রধানমন্ত্রী বলেন, আমি যদি বলতে পারতাম, সবকিছু আবার খুলে দেয়া হোক। আগামীকাল সকাল থেকেই আমরা কাজ শুরু করব। তবে এই জাতীয় সিদ্ধান্তটি দায়িত্বজ্ঞানহীন হবে। এতে সংক্রমণের হার অনিয়ন্ত্রিতভাবে বাড়বে এবং এখন পর্যন্ত আমরা যত চেষ্টা করেছি সব বৃথা হয়ে যাবে। আমাদের অবশ্যই জাতীয় পরিকল্পনার ভিত্তিতে কাজ করতে হবে। তবে সেগুলো আঞ্চলিক বিশেষত্বকে বিবেচনা করে।

তিনি বলেন, উপযুক্ত গবেষণা এবং বৈজ্ঞানিক তথ্যের ভিত্তিতেই নিষেধাজ্ঞা তুলে নেয়া হবে। কিছু সংখ্যক লোককে খুশি করার জন্য নয়, উৎপাদক, কোনো প্রতিষ্ঠান বা অঞ্চলের বিশেষ অনুরোধেও নয়।

কোঁতে বলেন, ‘নিষেধাজ্ঞা তুলে নেয়ার সঙ্গে সঙ্গে সংক্রমণও বাড়বে। আমাদের অবশ্যই এটিকে সর্বনিম্ন ও সহনীয় পর্যায়ে ধরে রাখার জন্য প্রস্তুত থাকতে হবে। এর জন্য প্রত্যেকটি প্রতিষ্ঠানে নিরাপত্তা ব্যবস্থা তো বটেই, পিক আওয়ারে গণপরিবহনের ভিড়ের বিষয়টি বিবেচনা করে পরিকল্পনা করতে হবে।

করোনা সংক্রমণের কারণে গত ৯ মার্চ থেকে লকডাউন চলছে ইতালিতে। দেশটিতে বন্ধ রয়েছে অনাবশ্যক ব্যবসাপ্রতিষ্ঠান, চলাচলে রয়েছে কড়া নিষেধাজ্ঞা। কেবলমাত্র জরুরি নিত্যপণ্য কিনতে বাইরে যেতে পারছেন বাসিন্দারা।

তবে গত কয়েকদিন ধরে দেশটিতে করোনার প্রকোপ কিছুটা কমেছে। সোমবার সেখানে নতুন রোগী শনাক্ত হয়েছেন ২ হাজার ২৫৬ জন, যা গত একমাসের মধ্যে সর্বনিম্ন। ইতালিতে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ২৪ হাজার ১১৪ জন। ইতালির পর একমাত্র যুক্তরাষ্ট্রেই করোনায় এর চেয়ে বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। এছাড়া, ইতালিতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৮১ হাজারেরও বেশি। এদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন প্রায় ৪৯ হাজার মানুষ।

সূত্র : রয়টার্স

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন