২০১৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ক্রিকেটে প্রথম বাংলাদেশি হিসেবে ডাবল সেঞ্চুরি করেছিলেন মুশফিকুর রহীম। সেই ম্যাচে ব্যবহার করা ঐতিহাসিক ব্যাটটি করোনা মোকাবেলায় নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছেন দেশ সেরা এই ব্যাটসম্যান।
বেশি দামে ঐতিহাসিক ব্যাটটি কিনে নেয়ার জন্য সামর্থ্যবানদের প্রতি আহ্বান জানিয়েছেন মুশফিকুর রহিম। নিজের ব্যক্তিগত টুইটারে টুইট করে এই আহ্বান জানান টাইগার উইকেটরক্ষক ব্যাটসম্যান।
টুইটে মুশফিক লিখেন, ‘এই ব্যাটটি আমার কাছে খুবই মূল্যবান। টেস্টে প্রথম ডবল সেঞ্চুরি করেছিলাম আমি এই ব্যাট দিয়ে। অনেক স্মৃতি জড়িয়ে আছে একে ঘিরে। কিন্তু আমি সিদ্ধান্ত নিয়েছি কভিড-১৯-এ বিপর্যস্তদের সহায়তায় আমি আমার এই ব্যাট নিলামে তুলবো। অনুগ্রহ করে এগিয়ে আসুন এবং তাদের সহায়তা করুন।’
টুইটারে একটি ভিডিও বার্তায় বিত্তবানদের প্রতি আহ্বান জানান তার নিলামে তোলা ব্যাটটি যেন তারা বেশি দাম দিয়ে করোনায় দুর্গত মানুষদের সাহায্যার্থে এগিয়ে আসবেন। মুশফিক বলেন, ‘আমি সকল সামর্থ্যবানদের প্রতি আহ্বান জানাচ্ছি সবাই, দেশে বা দেশের বাইরে যেখানেই থাকেন না কেনো, নিলামে অংশগ্রহণ করবেন, এবং বেশি দাম দিয়ে আমার এই ব্যাটটি কিনে নেবেন।’
তিনি আরও বলেন, ‘এই ব্যাট বিক্রির অর্থ কোভিড-১৯ এ আক্রান্ত মানুষদের সাহায্যার্থে ব্যয় করা হবে।
কিভাবে এবং কোথায় নিলাম হবে আপনাদের শীঘ্রই তা জানিয়ে দেয়া হবে।’
এর আগে রবিবার বিভিন্ন গণমাধ্যমকে মুশফিক বলেন, ‘যদি দেখি যে ডাবল সেঞ্চুরির ব্যাটে ভালো সাড়া মিলছে, তাহলে আমার কাছে আরও স্মারক আছে, সেগুলোও নিলামে তুলব। আমার ত্যাগ থেকে যদি মানুষের উপকার হয়, এর থেকে ভালো কিছু আর হতে পারে না আমার কাছে।’
করোনা মোকাবেলায় শুরু থেকেই তৎপর মুশফিক। এরই মাঝে বেশ কিছু উদ্যোগ নিয়ে প্রশংসিত হয়েছেন তিনি। জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে নিজের বেতনের অর্ধেক অনুদান দিয়েছেন। শুধু তাই নয়। বগুড়ায় স্বাস্থ্যকর্মীদের জন্য ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী পাঠিয়েছেন বাংলাদেশের অন্যতম সেরা এই ব্যাটসম্যান। এসব সামগ্রীর মধ্যে আছে ২০০টি করে পিপিই, গ্লাভস ও মাস্ক। সবশেষ মাশরাফি, সাকিব, তামিম ও মাহমুদুল্লাহর সঙ্গে মিলে টিম বয়দের পাশে দাঁড়িয়েছেন মুশফিক।












