বাংলাদেশের সাবেক কোচ হোয়াটমোরের ঠিকানা সেই ভারতেই

তাকে বলা হয় জাদুকরী কোচ। ১৯৯৬ সালে অখ্যাত শ্রীলঙ্কাকে বিশ্বকাপ জিতিয়ে তাক লাগিয়ে দিয়েছিলেন ডেভ হোয়াটমোর। এরপর বাংলাদেশের দায়িত্ব নিয়েও পেয়েছেন সাফল্য। তার কোচিংয়েই বড় দলগুলোকে হারাতে শেখে টাইগাররা। হোয়াটমোরের নামটি তাই এ দেশের মানুষ এখনও মনে রেখেছে।

তবে একটা সময় আন্তর্জাতিক দলগুলোকে কোচিং করিয়ে ঈর্ষণীয় সাফল্য পাওয়া হোয়াটমোর, দীর্ঘদিন ধরে পড়ে আছেন রাজ্য আর ঘরোয়া ক্রিকেট নিয়ে।

মাঝে একবার ভারতের মতো বড় দলের কোচ হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছিল, যদিও সেই স্বপ্ন পূরণ হয়নি। তবে পাকিস্তান, জিম্বাবুয়েকে কোচিং করিয়েছেন হোয়াটমোর। মোট কথা, ছিলেন আন্তর্জাতিক আঙিনাতেই।

তবে এখন তার চিন্তা ভাবনা অন্যরকম। যে ভারতের হেড কোচ হওয়ার দৌড়ে ছিলেন, ২০১৭-১৮ মৌসুমে সেই ভারতেরই রাজ্য দল কেরালা ক্রিকেট অ্যাসোসিয়েশনের দায়িত্ব নেন হোয়াটমোর। তিন বছর ছিলেন সেখানে।

সেই চুক্তি ফুরোনোর পর আরও একবার ভারতেই ফিরছেন বাংলাদেশের সাবেক কোচ। এবার হোয়াটমোর দায়িত্ব নিচ্ছেন বারোদার। শুধু কোচ নয়, তাকে ডিরেক্টর অব ক্রিকেট হিসেবে নিয়োগ দিয়েছে ভারতের রাজ্য দলটি।

এ সম্পর্কে হোয়াটমোর বলেন, ‘আমি অবশ্যই সিনিয়র দলের কোচ থাকব। তবে তার বাইরে, অনূর্ধ্ব-১৯ এবং অনূর্ধ্ব-২৩ দল গড়ে তোলার দায়িত্ব পালন করব। আমার সঙ্গে থাকবেন স্থানীয় কোচরা। এটা দুই বছরের চুক্তি।’

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন