করোনা ভাইরাসে সবকিছুই স্থবির। অন্যান্য ক্ষেত্রের মতো ক্রীড়াঙ্গনেরও একই অবস্থা। খেলা বন্ধ। বন্ধ ফেডারেশনও। প্রয়োজনীয় কাজগুলো অনলাইনে সম্পন্ন করছেন সবাই। সে ধারাবাহিকতায় রোববার বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি এয়ার মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত ভিডিও কনফারেন্সে জরুরি সভা করেছেন নির্বাহী কমিটির বিভিন্ন কর্মকর্তার সঙ্গে।
বাংলাদেশ হকি ফেডারেশনসূত্রে জানা গেছে, করোনা পরিস্থিতিতে আন্তর্জাতিকসহ অন্যান্য টুনার্মেন্ট এবং ফেডারেশনের সামগ্রিক অবস্থা নিয়ে সভাপতি কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কিছু জরুরী আলোচনা সেরেছেন এবং হকি অঙ্গনের সবার খোঁজ-খবর নিয়েছেন।
বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি ২ ঘন্টা নির্বাহী কমিটির কর্মকর্তাদের সাথে ভিডিও কনফারেন্স করেছেন। এ কনফারেন্সে যারা যোগ দিয়েছিলেন, তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন-সহসভাপতি আব্দুর রশিদ শিকদার, সাজেদ এ এ আদেল, জাকি আহমেদ রিপন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ, যুগ্ম সম্পাদক কামরুর ইসলাম কিসমত ও কোষাধ্যক্ষ হাজী মোহাম্মদ হুমায়ুন।
এই কনফারেন্সে আন্তর্জাতিক টুনার্মেন্ট এবং দরিদ্র খেলোয়াড়দের সহায়তার নিমিত্তে নির্বাহী কর্মকর্তাদের মতামত নেয়া হয়। এ ছাড়াও চলমান পরিস্থিতিতে হকি ফেডারেশনের বিভিন্ন দাপ্তরিক কার্যক্রমের খোঁজ-খবর নেয়া হয়।
সভাপতির সঙ্গে ডিজিটাল পদ্ধতির সভা শেষে ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ আশার বাণী শোনালেন, আগেই আমরা নিজেদের মধ্যে আলোচনা করছিলাম।
যারা দুস্থ খেলোয়াড়-কোচ কিংবা সংগঠক আছেন, তাদের জন্য কিছু করা যায় কিনা। সভাপতি মদোদয়ও এ ব্যাপারে আগ্রহী। ভিডিও কনফারেমেন্সে তিনি আমাদের মতামত চেয়েছেন। আমরা সকলে একমত হয়েছি। এখন ফেডারেশন যত দ্রুত ব্যবস্থা নিবে অসহায় খেলোয়াড় কোচদের পাশে দাড়াবে।












