ঢাকার ফুটবলে আনিসুর রহমান জিকোর অভিষেক ২০১৪ সালে। ফরাশগঞ্জ, মুক্তিযোদ্ধা, চট্টগ্রাম আবাহনী, সাইফ স্পোর্টিং ক্লাব হয়ে চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসে। জাতীয় দলে এখনো অভিষেক না হওয়া ২২ বছর বয়সী এই গোলরক্ষক আলো ছড়িয়েছেন এশিয়ান ফুটবলে নিজের অভিষেক ম্যাচেই। গত ১১ই মার্চ মালদ্বীপের টিসি স্পোর্টস ক্লাবকে ৫-১ গোলে উড়িয়ে দিয়ে এএফসি কাপে স্বপ্নিল অভিষেক হয় বসুন্ধরা কিংসের। সে ম্যাচে দু’দুটি পেনাল্টি ঠেকিয়ে ইতিহাস গড়েন কক্সবাজারের ছেলে আনিসুর রহমান জিকো। মার্চ মাসে এএফসি কাপের সপ্তাহ সেরা ফুটবলার নির্বাচিত হন তিনি। এবার এএফসি কাপের সেরা গোলরক্ষকদের তালিকায় নিজের নাম লেখালেন কিংস গোলরক্ষক।
২০১৭ সাল থেকে এখনো পর্যন্ত এএফসি কাপে সবচেয়ে বেশি পেনাল্টি ঠেকানো গোলরক্ষকদের তালিকা প্রকাশ করেছে এশিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা এএফসি। সেখানে দ্বিতীয় স্থানে রয়েছেন আনিসুর। গত তিন আসরে তিনটি পেনাল্টি ঠেকিয়ে প্রথম স্থানে রয়েছেন ফিলিপাইনের ক্লাব সেরেস নেগ্রোস ক্লাবের গোলরক্ষক রোনাল্ড মুলার। আর এক ম্যাচেই দুটি পেনাল্টি ঠেকিয়ে সেরাদের কাতারে নিজের নাম লেখালেন আনিসুর।
বাংলাদেশ ফুটবলের ইতিহাসে প্রথম গোলরক্ষক হিসেবে এএফসির আসরে একই ম্যাচে দুটি পেনাল্টি সেভ করার কৃতিত্ব দেখান আনিসুর।
এই পেনাল্টি সেভ করেই তো আলোচনায় আসা তার।
আনিসুরের ‘পেনাল্টি জাদু’তেই বাংলাদেশের শীর্ষ ফুটবলে প্রথম শিরোপা স্বাধীনতা কাপ জেতে বসুন্ধরা কিংস। ২০১৮ সালের স্বাধীনতা কাপের কোয়ার্টার ফাইনাল। রহমগঞ্জের বিপক্ষে নির্ধারিত ও অতিরিক্ত সময়ে ২-২ গোলে অমিমাংসিত থাকায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। রহমতগঞ্জের ৫ শটের তিনটি ঠেকিয়ে নায়ক আনিসুর। এরপরও আবারও সেমিফাইনালে টাইব্রেকার পরীক্ষায় নামতে হয় তাকে। টাইব্রেকারে আবাহনীর প্রায় প্রতিটি শটই বলের লাইনে ঝাঁপান। কিন্তু নাগাল পাচ্ছিলেন না। অবশেষে আবাহনীর অষ্টম শটটি আটকে দলকে সেমিতে তোলার দরজা খোলেন। পরপরই সবাইকে চমকে দলের অষ্টম শটে নিজেই গোল করে ৭-৬ ব্যবধানে দলকে জিতিয়ে তোলেন স্বাধীনতা কাপের ফাইনালে। ফাইনালে অবশ্য তাকে টাইব্রেকার পরীক্ষায় নামতে হয়নি। শেখ রাসেলকে ২-১ গোলে হারিয়ে শিরোপা জেতে বসুন্ধরা কিংস।












