করোনাভাইরাস প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে দেশের সব জায়গায় সব ধরণের জনসমাগম এমনকি ধর্মীয় জমায়েতও নিষিদ্ধ করা করা হলেও শনিবার ব্রাহ্মণবাড়িয়ায় খেলাফত মজলিশের নায়েবে আমির মাওলানা জুবায়ের আহমেদ আনসারীর জানাজায় লাখো মানুষের সমাগম হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন দেশের বিশিষ্ট ব্যক্তিরা। রোববার (১৯ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই উদ্বেগ প্রকাশ করেন।
বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করেন, জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান, ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য, সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতি জিয়া উদ্দিন তারেক আলী, সাধারণ সম্পাদক সালেহ আহমেদ, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ডা. সারওয়ার আলী, নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম, নারী নেত্রীখুশী কবির, নারী নেত্রী রোকেয়া কবির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আজিজুর রহমান এম. এম. আকাশ, রোবায়েত ফেরদৌস, সাম্প্রদায়িকতা- জঙ্গিবাদ বিরোধী মঞ্চের সদস্য সচিব ড. নুর মোহাম্মদ তালুকদার, জাতীয় শ্রমিক জোটের সভাপতি মেসবাহউদ্দিন আহমেদ, গণতান্ত্রিক আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট জাহিদুল বারী, শ্রমিক নেতা আব্দুর রাজ্জাক, সংস্কৃতি কর্মী ড. সেলু বাসিত, বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট পারভেজ হাসেম, সংস্কৃতি কর্মী এ কে আজাদ, উঠোন সাংস্কৃতিক সংগঠনের সভাপতি অলক দাস গুপ্ত, আমরা মুক্তিযুদ্ধার সন্তানের সভাপতি হুমায়ুন কবির ও গৌরব একাত্তরের সাধারণ সম্পাদক এফ এম শাহীন।
বিবৃতিতে তারা বলেন, দেশে করোনাভাইরাসের মহামারী পরিস্থিতির মধ্যে ব্রাহ্মণবাড়িয়ায় জনৈক মাওলানার জানাজায় লক্ষাধিক মানুষের সমাগম হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া জেলায় সরকার ঘোষিত লকডাউন উপেক্ষা করে এবং সামাজিক দূরত্ব বজায় না রেখে শনিবার সকালে এই জমায়েতের আয়োজন করা হয়।
বিবৃতিতে তারা আরও বলেন, স্থানীয় প্রশাসন এই জমায়েত ঠেকাতে সেভাবে সক্রিয় ভূমিকা পালন করে নাই বলে অভিযোগ পাওয়া গেছে। আজ দেশে করোনায় মোট আক্রান্ত যখন দুই হাজার ছাড়িয়ে গেছে এবং দেশের অর্ধেকেরও বেশি জায়গা যখন সরকার থেকে লকডাউন করা হয়েছে এবং সরকার থেকে এ বিষয়ে কঠোর অবস্থানের কথা বলা হচ্ছে, তখন এই ধরণের জনসমাবেশ স্থানীয় প্রশাসন কিভাবে করতে দিল সেবিষয়ে প্রশ্ন থেকে যায়। এতে কোনো সন্দেহ নাই যে, এই সমাবেশের মধ্য দিয়ে করোনা ছড়িয়ে পড়ার ঝুঁকি অনেক বাড়লো। জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে এ বিষয়ে সরকারকে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেবার জন্য জোর দাবি জানাচ্ছি।












