লকডাউন ভেঙে জানাজায় জনসমাগমের ঘটনায় তদন্ত কমিটি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার বেড়তলা এলাকায় দেশবরেণ্য এক আলেমের জানাজায় লকডাউন ভেঙে বিপুল জনসমাগমের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার পুলিশ সদরদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তিন সদস্যের এই তদন্ত কমিটির প্রধান করা হয়েছে চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজিকে (প্রশাসন ও অর্থ)। বাকি দুজন সদস্য হলেন, একই রেঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন)।

কমিটিতে আগামী ২২ এপ্রিল তদন্ত শেষে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

শনিবার সকাল দশটায় সরাইলের জামিয়া রাহমানিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল মাওলানা আল্লামা জুবায়ের আনসারীর জানাজা অনুষ্ঠিত হয়। করোনা ভাইরাসের কারণে চলমান লকডাউনের নিয়ম ভেঙে মাদরাসা মাঠে অনুষ্ঠিত জানাজায় লাখো মানুষ উপস্থিত হয়।

স্থানীয়রা বলছেন, ব্রাহ্মণবাড়িয়া ছাড়াও আশপাশের বেশ কয়েকটি জেলা ও উপজেলা থেকে মানুষ পায়ে হেঁটে জানাজায় যোগ দিতে গিয়েছিলেন।

ওই ঘটনায় দায়িত্বে অবহেলার জেরে শনিবার রাতেই সরাইল থানার অফিসার ইনচার্জ এবং সার্কেল এএসপিকে প্রত্যাহার করা হয়েছে।

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন