ফুটবলার সাবিনা খাতুন ৭০ পরিবারের পাশে

মহামারি করোনা ভাইরাসে দেশে সবচেয়ে বিপর্যস্ত অবস্থায় আছেন দিনমজুর, খেটে খাওয়া মানুষ। একবেলা রুটি-রুজি ব্যবস্থা করতে হিমশিম খেতে হচ্ছে তাদের। এমন ক্রান্তির সময় দেশের দুস্থ মানুষদের পাশে দাঁড়াচ্ছেন ক্রীড়াঙ্গনের তারকারা। যে যেভাবে পারছেন সহায়তা করছেন। সে ধারাবাহিকতায় এবার অসহায়দের পাশে দাঁড়িয়েছেন জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন।
সাবিনা খাতুন তার নিজ জেলা সাতক্ষীরায় ৭০ পরিবারকে খাদ্যসামগ্রী প্রদান করেছেন। প্রত্যেক পরিবারকে তিনি চাল, ছোলা, মুড়ি, তেল ও আলু দিয়েছেন। কিছু গরীব অসহায় মানুষের তালিকা তৈরি করে ডেকেছিলেন এবং নিজ উদ্যোগে তাদের সহায়তা করেছেন।
এ বিষয়ে সাতক্ষীরা থেকে মুঠোফোনে দেশের নারী ফুটবলের সবচেয়ে বড় তারকা সাবিনা খাতুন বলেন, ‘কয়েকদিন ধরেই আমি দেখছিলাম আশপাশের কিছু মানুষ কষ্ট করছেন। তখন আমি নিজের থেকে একটা তালিকা তৈরি করে তাদের ডেকেছিলাম।
আমি যতটুকু পেরেছি তাদের পাশে থাকার চেষ্টা করেছি। আমার বিশ্বাস সমাজের বিত্তবান ও সামর্থ্যবানরা যদি তার আশপাশের মানুষগুলোকে দেখেন তাহলে কেউই না খেয়ে থাকবে না। আমাদের সবারই উচিত এই দুঃসময়ে অসহায়দের পাশে থাকা।’

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন