২২ গজে বহুবার জুটি গড়ে বাংলাদেশকে খাদের কিনারা থেকে টেনে তুলেছেন সাকিব আল হাসান ও মুশফিকুর রহীম। ক্রিকেট মাঠের সফল জুটি এবার অন্যরকম এক লড়াইয়ে জুটি বাঁধছেন। গতকাল (১৭ই এপ্রিল) ফেসবুক লাইভে নিজের প্রতিষ্ঠিত ‘সাকিব আল হাসান ফাউন্ডেশনে’র ওয়েবসাইট উদ্বোধন করেছেন সাকিব। সেখানে মুশফিকুর রহীমের সঙ্গে জুটি বেঁধে সামাজিক কার্যক্রমে অংশ নেয়ার কথা জানান সাকিব।
নিজের জন্মস্থান বগুড়ার প্রত্যন্ত অঞ্চলে কাজ করা ডাক্তার ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের সুরক্ষায় ২০০ মাস্ক এবং ২০০ গ্লাভসসহ সমপরিমাণ পার্সোনাল প্রটেক্টিভ ইকুপমেন্ট (পিপিই) সরবরাহ করেন মুশফিক। জাতীয় দলের এই উইকেটরক্ষক ব্যাটসম্যান এবার বগুড়ার অসহায়-দুস্থদের সহযোগিতা করতে চান। মুশফিকের এই কার্যক্রমে অংশ হওয়ার কথা জানিয়ে সাকিব বলেন, ‘গত কয়েকদিন মুশফিক ভাইয়ের সঙ্গে আমার নিয়মিত যোগাযোগ হচ্ছে। মুশফিক ভাই আমাকে জানালেন, উনি উনার এলাকাতে বেশকিছু সহায়তা করেছেন। নিজের এলাকায় আরো সহায়তা করার উদ্যোগ নিয়েছেন তিনি।
মুশফিক ভাইয়ের কার্যক্রমের সঙ্গে যুক্ত হয়ে কাজ করবে সাকিব আল হাসান ফাউন্ডেশন। আশা করছি কিছুদিনের মধ্যেই আমরা এটা শুরু করতে পারবো।’
‘মুশফিক ভাইয়ের মতো অন্য কোনো খেলোয়াড়, অভিনেতা, অভিনেত্রী কিংবা যে কেউ যদি নিজের এলাকা বা পছন্দ মতো এলাকায় সহযোগিতা করার পরিকল্পনা করে এবং তাদের যদি সাকিব ফাউন্ডেশনের সহযোগিতার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা প্রস্তুত আছি।’












