অস্ট্রেলিয়ার ভয়াবহ দাবানলে ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য গত জানুয়ারিতে প্রিয় ‘ব্যাগি গ্রিন’ (টেস্ট ক্যাপ) টুপি নিলামে তুলেছিলেন অস্ট্রেলিয়ার লেগস্পিন কিংবদন্তি শেন ওয়ার্ন। যা বিক্রি হয়েছিল ৬ কোটি টাকায়। সম্প্রতি করোনা ভাইরাস সংকট মোকাবেলায় গঠিত তহবিলে সাহায্যের উদ্দেশ্যে ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে খেলা জার্সি নিলামে তোলেন জস বাটলার। ইংলিশ উইকেটরক্ষক-ব্যাটসম্যানের জার্সিটি বিক্রি হয় ৬৮ লাখ টাকায়। বাংলাদেশ ক্রিকেটের পোস্টারবয় সাকিব আল হাসান সেরকম একটা উদ্যোগ নেয়ার কথা ভাবছেন। গতকাল নিজের প্রতিষ্ঠিত ‘সাকিব আল ফাউন্ডেশনে’র প্রচারণার জন্য ফেসবুক লাইভে এসে এমন ভাবনার কথা জানান সাকিব।
তিনি বলেন, ‘অনেক দেশের ক্রিকেটার এবং অন্যান্য খেলোয়াড়রা তাদের টি-শার্ট কিংবা অন্যান্য সরঞ্জাম নিলামে তুলছে। আমরা এমন কিছুও হয়তো করতে পারি। সেটা আমাদের যেকোনো ক্রিকেটারের জার্সি কিংবা অটোগ্রাফ সম্বলিত ব্যাট হতে পারে।
এই ব্যাপারগুলো আমরা করতে পারি। এই জিনিসগুলো আমরা নিলামে তুলতে পারি ফেসবুক কিংবা সাকিব ফাউন্ডেশনের মাধ্যমে।’
সাকিব নিজেকে একজন পেছনের যোদ্ধা হিসেবে এই করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়তে চান। এ প্রসঙ্গে বলেন, ‘আমি মুক্তিযুদ্ধ দেখিনি। শুধু গল্প শুনেছি। যুদ্ধের সময় যারা যুদ্ধ করতে পারেনি তাদের মধ্যে কেউ মুক্তিযোদ্ধাদের খাবার দিয়েছে, কেউ কাপড় দিয়েছে। আবার কেউ গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করেছে। করোনা ভাইরাসের কারণে বর্তমান পরিস্থিতি অনেকটা যুদ্ধের মতোই। আমরা সবাই তো আর ডাক্তার বা নার্স নই যে সামনে থেকে লড়াই করবো। করোনা ভাইরাসের বিরুদ্ধে সামনে থেকে যারা লড়ছেন তাদের পেছনের যোদ্ধা হিসেবে পাশে থাকতে পারবো আশা করছি।’












