তিন মাসের বকেয়া বেতন পেয়েও ক্রিকেটারদের যে আক্ষেপ

দেশের করোনা পরিস্থিতি দিন দিন খারাপের দিকে যাচ্ছে। দেশের সব ধরণের ক্রিকেট স্থগিত রয়েছে। যে কারণে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখোমুখি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও দেশের ক্রিকেটাররা। তবে এরই মধ্যে বিসিবি চুক্তির বাইরে থাকা ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লীগে খেলা ক্রিকেটারদের ৩০ হাজার টাকা এককালীন অনুদান দিয়েছে। যাতে তারা কিছুটা হলেও করোনা পরিস্থিতি মোকাবেলা করতে পারে। অন্য দিকে প্রথম শ্রেণির ক্রিকেটে চুক্তিবদ্ধ ৯১ ক্রিকেটারের জন্যও মিলেছে সুখবর। এরই মধ্যে তাদের আটকে থাকা তিন মাসের বকেয়া বেতন পরিশোধ করা হয়েছে বলে জানিয়েছে বিসিবির একটি সূত্র। যদিও শুরুতে শোনা গিয়েছিল অগ্রীম বেতনের কথা। এ বিষয়ে ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান বলেন, ‘হ্যাঁ, শুনেছি প্রথম শ্রেণির ক্রিকেটারদের তিন মাসের বেতন দেয়া হয়েছে। যতটা জানি সেটি বকেয়া বেতন ছিল। এখন যে পরিস্থিতি তাতে আমি মনে করি এটি বড় কাজে আসবে।’
অন্যদিকে ক্রিকেটারদের মধ্য থেকে জানানো হয়েছে তারা জানুয়ারি, ফেব্রুয়ারি ও মার্চের বেতন পেয়েছেন।

নাম প্রকাশ না করার শর্তে প্রথম শ্রেণির এক ক্রিকেটার বলেন, ‘হ্যাঁ, আমরা বকেয়া তিন মাসের বেতন পেয়েছি। কোন অগ্রীম দেয়া হয়নি। হ্যাঁ, এটাও আমাদের কাছে আসবে।’ তবে বেতন পেলেও তাদের মধ্যে আছে আক্ষেপ। সব শেষ আন্দোলনে প্রথম শ্রেণির ক্রিকেটারদের বেতন বাড়ানোর জোরালো দাবি ছিল। তাদের দেয়া ১৩ দাবির মধ্যে বেতন বাড়ানোর বিষয়টি ছিল অন্যতম। তবে শেষ তিন মাসের বেতন পেয়েও বেড়েছে তাদের হতাশা। নাম প্রকাশে অনিচ্ছুক এক ক্রিকেটার বলেন, ‘আমরা চুক্তিতে আছি তাই সরাসরি বলতে পারছি না। আমরা গেল তিন মাসের বেতন পেয়েছি। এই জন্য বিসিবিকে ধন্যবাদ। তবে সেটি হাতে পেয়ে দেখলাম তারা আমাদের কথা রাখেনি। কারণ আমাদের আন্দোলনে যে ১৩ দফা দাবি ছিল তা মেনে নিয়েছিল বিসিবি। কিন্তু সেই দাবি অনুসারে প্রথম শ্রেণির ক্রিকেটারদের একটি টাকাও বেতন বাড়ানো হয়নি। আশা করি পরিস্থিতি ভালো হলে তারা বিষয়টি বিবেচনায় আনবে।’
দেশের ক্রিকেট বন্ধ হওয়াতে বিসিবি বরাবরই জানিয়েছে তারা ক্রিকেটারদের পাশে আছে। যে কোনো দরকারই তারা পূরণ করবে। সেই সঙ্গে ক্রিকেটাররা তাদের আয় অর্থ দিয়ে করোনা যুদ্ধে মানুষের পাশে দাঁড়িয়েছে। এরই মধ্যে জাতীয় দলের ক্রিকেটারা তাদের এক মাসের বেতনের অর্ধেক প্রায় ৩১ লাখ টাকা দিয়েছে দরিদ্র মানুষের জন্য। প্রথম শ্রেণির ৯১ ক্রিকেটার প্রায় ১০ লাখ টাকা দিয়েছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের ( কোয়াব) এর গঠিত তহবিলে।

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন