ব্যাংককে আটকে পড়া ৪৮ বাংলাদেশিকে ফিরিয়ে এনেছে ইউএস-বাংলা

পর্যটক ও চিকিৎসা নিতে এসে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ব্যাংককে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে এনেছে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট।

ব্যাংককের সুবর্ণভূমি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪৮ জন যাত্রী ও একজন বাংলাদেশির মৃতদেহ নিয়ে শুক্রবার বিকাল ৪টা ২০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ইউএস-বাংলার বিশেষ বিমানটি।

করোনাভাইরাসের দুর্যোগকালীন সময়ে বাংলাদেশিদের ফিরিয়ে আনতে প্রথম কোনো স্পেশাল ফ্লাইট পরিচালনা করলো ইউএস-বাংলা এয়ারলাইন্স। এছাড়া আগামী ২০ থেকে ২৫ এপ্রিল পর্যন্ত চেন্নাই থেকে ঢাকা মোট ৬টি ফ্লাইট এবং ২১ ও ২৩ এপ্রিল কলকাতা থেকে ঢাকায় দু’টি ফ্লাইট পরিচালনা করবে বেসরকারি এ এয়ারলাইন্সটি।

দু’টি রুটেই ১৬৪ আসনের বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে ফ্লাইট পরিচালনার সিদ্বান্ত নিয়েছে ইউএস-বাংলা। চেন্নাই থেকে দুপুর সোয়া ১২টায় এবং কলকাতা থেকে বেলা সাড়ে ১১টায় ফ্লাইটগুলো ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে।

ইউএস-বাংলা এয়ারলাইন্সই একমাত্র বাংলাদেশি এয়ারলাইন্স যা সপ্তাহে প্রতি শনিবার একটি ঢাকা-গুয়াংজু রুটে ফ্লাইট পরিচালনা করছে। এছাড়া দূর্যোগকালীন সময়ে ইউএস-বাংলা এয়ারলাইন্সকে প্যাসেঞ্জার ফ্লাইট পরিচালনা ছাড়াও কার্গো ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

বিশেষ ফ্লাইটগুলোতে শুধুমাত্র বাংলাদেশিরাই ভ্রমণ করতে পারবেন।

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন