কাওরান বাজারে ওয়াসা ভবনের পাশে টিনশেড কাঁচামালের আড়ত লকডাউন করেছে প্রশাসন। এ আড়তের একজন ব্যবসায়ী ও কর্মচারী করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় এই পদক্ষেপ গ্রহণ করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে ওই আরতটি লকডাউন করা হয়।
এ বিষয়ে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম অর রশীদ গণমাধ্যমকে বলেন, কাঁচাবাজার আড়তে দুজনের করোনা পজিটিভ আসায় ওই ব্যবসায়ীর আড়ত ও বাসা লকডাউন করা হয়েছে।
তিনি আরও বলেন, আক্রান্ত দুজনের মধ্যে একজন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। অপর জন বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।
জানা গেছে, করোনাভাইরাসের লক্ষণ ও উপসর্গ নিয়ে দুজনের নমুনা পরীক্ষা করানোর পর বৃহস্পতিবার জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পক্ষ থেকে তাদের করোনাভাইরাস পজিটিভের তথ্য জানানো হয়। এরপরই কাওরান বাজারে এরশাদ ভবন সংলগ্ন লাউপট্টির একটি আড়ত ও তার পাশে একটি বাসা লকডাউন করা হয়।












