বসুন্ধরা হাসপাতালের ৬০ শতাংশ কাজ সম্পন্ন

করোনা মহামারিতে ভয়াবহ এ ভাইরাসে আক্রান্তদের চিকিৎসায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অস্থায়ী হাসপাতাল নির্মাণের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। সংশ্লিষ্টরা জানিয়েছে, নির্ধারিত সময়ের আগেই এ হাসপাতাল নির্মাণের কাজ সম্পন্ন হবে। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও বসুন্ধরা গ্রুপের উদ্যোগে দিনরাত সমানতালে কাজ চলছে।

স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ১৫ দিনের মধ্যে হাসপাতালে রূপ দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়ে ১২ এপ্রিল কাজ শুরু করে । মাত্র ৫ দিনেই কাজের ৬০ শতাংশের বেশি সম্পন্ন হয়েছে।

‘দেশ ও মানুষের কল্যাণে’ এই স্লোগানের আলোয় পথচলা বসুন্ধরা গ্রুপ করোনা ভাইরাসের এই দুর্যোগকালেও দেশ ও জাতির কল্যাণে এগিয়ে এসেছে। দেশে কোভিড-১৯ আক্রান্ত রোগী বাড়তে থাকায় সম্প্রতি সরকারকে আইসিসিবিতে পাঁচ হাজার শয্যার একটি অস্থায়ী হাসপাতাল প্রতিষ্ঠার প্রস্তাব দেন দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) নির্মাণাধীন হাসপাতাল চত্বরে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আব্দুল হামিদ কাজের অগ্রগতি ও নির্ধারিত সময়ের আগেই সম্পন্ন করার আশাবাদ ব্যক্ত করেন।

এসময় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আব্দুল হামিদ বলেন, বসুন্ধরার কনভেনশন সেন্টারে ২০০০ শয্যার হাসপাতাল নির্মাণে বিশাল কর্মযজ্ঞ চলছে। আমরা বসুন্ধরা গ্রুপের কাছে কৃতজ্ঞ যে তারা এখানে দিনরাত কাজ করার সুযোগ করে দিয়েছে। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী সার্বক্ষণিক কাজের খোঁজ-খবর নেন। দু-একদিন পরপর তিনি এটি পরির্দশন করেন। ট্রেড সেন্টারে হাসপাতালের কাজ ৬০ শতাংশের বেশি সম্পন্ন হয়েছে। ২২ এপ্রিলের মধ্যে কাজ সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নিয়ে রাতদিন সমানতালে কাজ চলছে।

তিনি বলেন, সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার জন্য সাবস্টেশন চলে এসেছে। জেনারেটর আসবে ১৭ এপ্রিল। আজ থেকে প্রতিদিনই কিছু কিছু করে বেড আসবে। পরে স্বাস্থ্য অধিদপ্তরকে বুঝিয়ে দেওয়ার পরপরই কার্যক্রম শুরু করতে পারবে। দেশের বিভিন্ন জেলা লকডাউন, দোকানপাট বন্ধ। তারপরেও মালপত্র নিয়ে আসা আমাদের জন্য চ্যালেঞ্জ। আমাদের প্রচেষ্টায় একটি জীবনও রক্ষা করা গেলে সেটাই আমাদের চরম সার্থকতা।

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন