বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ জেমি ডে’র চুক্তির মেয়াদ আগামী ১৫ই মে পর্যন্ত। তার আগেই ইংলিশ কোচের সঙ্গে চুক্তি নবায়ন করতে চায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ডে’কে আরো দুই বছরের জন্য রাখতে চায় তারা। তবে নতুন চুক্তিটি ১৫ই মে থেকে নয়, তিন মাস পিছিয়ে করতে চাইছে বাফুফে। জেমি ডে’রও সায় আছে তাতে। সবকিছু মেনে আরো দুই বছর লাল-সবুজদের ডাগআউটে থাকছেন এই বৃটিশ কোচ। ইংল্যান্ডে কোয়ারেন্টাইনে থেকেও বাংলাদেশকে নিয়ে পরিকল্পনা করছেন জেমি। সামনের দু’বছরে র্যাঙ্কিংয়ে কমপক্ষে ৩০ ধাপ উন্নতি চান জেমি ডে।
বোনাস হিসেবে চাইছেন সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা।
করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে আনুষ্ঠানিকভাবে জেমির চুক্তির সঙ্গে চুক্তি তিন মাস পরে করতে চাইছে বাফুফে। এটা মেনে নিয়েই একমত হয়েছেন জেমি। তিনি বলেন, ‘চুক্তি নবায়নের ব্যাপারে দু’পক্ষই একমত হয়েছে। ছোটখাটো বিষয়ে একমত হলে নতুন চুক্তি করে ফেলবো আমরা। বাংলাদেশের সঙ্গে দীর্ঘমেয়াদে কাজ করার ইচ্ছা ছিল সেটা পূরণ হচ্ছে। পরিচিত এই দলে ফেরার অপেক্ষায় আছি।’ চুক্তি তিন মাস পেছানোর কারণ হিসেবে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ জানিয়েছেন, করোনা পরিস্থিতির কারণে আপাতত জাতীয় দলের কোনো খেলা নেই। বিশ্বকাপ বাছাই পর্ব শুরু হতে পারে এই বছরের শেষের দিকে। এই মুহূর্তে কোচকে বসিয়ে রেখে বেতন দেয়া আমাদের জন্য কঠিন। তাই আমরা আগামী আগস্টের মাঝামাঝি সময় থেকে তাকে নতুন করে পেতে চাইছি। এমন প্রস্তাবই তাকে দেওয়া হয়েছে।
নতুন চুক্তিতে অবশ্য কোচের বেতন-ভাতা সেভাবে বাড়ছে না। আগের মতোই মাসিক ১০ হাজার ডলারসহ অন্য সুবিধাদি পাবেন। গত দুই বছরে জেমির সাফল্য বলতে এশিয়ান গেমসে নক আউট পর্বে পা রাখা। জেমির অধীনে মোট ২১ ম্যাচ খেলেছে বাংলাদেশ। তার মধ্যে ৯ টিতে জয়, তিনটি ড্র ও ৯টি ম্যাচে হেরেছে লাল-সবুজেরে প্রতিনিধিরা। ফিফা র্যাঙ্কিংয়ে কিছুটা উন্নতি হলেও এখনও নিচের দিকেই আছে বাংলাদেশ (১৮৭)। আগামী দুই বছরে র্যাঙ্কিংয়ে অগ্রগতিতে বিশেষ পরিকল্পনা কথা জানিয়ে জেমি ডে বলেন, ‘দু বছর শেষে বাংলাদেশের র্যাঙ্কিংয়ে অন্তত ত্রিশ ধাপ এগিয়ে নিতে চাই। বিশ্বকাপের বাছাইপর্বেও যে কোন কিছু করার ক্ষমতা আছে বাংলাদেশের।’ সাফ নিয়ে আক্ষেপ আছে এই বৃটিশ কোচের। তিনি বলেন, ‘সাউথ এশিয়ান গেমস সাফ দুটি আসরের একটিতে শিরোপা জিততে পারেনি আমরা। আগামীতে এই দুটি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হতে চাই।’












