করোনা ভাইরাসের প্রকোপ মোকাবিলায় শুরু থেকেই প্রশংসনীয় উদ্যোগ নিতে দেখা যাচ্ছে বাংলাদেশের তারকা ক্রিকেটারদের। সাকিব আল হাসান, মাশরাফি বিন মোর্ত্তজা, তামিম ইকবাল, রুবেল হোসেনরা শুরু থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে সরব। দেশে করোনা ভাইরাস অল্পপরিসরে বিস্তার নেওয়ার সময় অর্ধেক বেতন সহায়তা দিয়েছিলেন ক্রিকেটাররা। এ উদ্যোগের নেতৃত্ব দেওয়ার জন্য প্রশংসিত হন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।
করোনা মোকাবিলায় তামিমকে এর পর আরও বেশ কিছু উদ্যোগ নিতে দেখা গেছে। এবার জানা গেল নতুন এক উদ্যোগের কথা। অসহায় মানুষের সাহায্যার্থে গোপনে দান করলেন বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। শনিবার এই খবরটি প্রকাশ করেছে দাতব্য সংস্থা ‘ফুটস্টেপস’। তারা জানিয়েছে, বিশাল অঙ্কের দানই করেছেন এ ওপেনার। তবে যেহেতু গোপন দান, টাকার অঙ্ক জানানো হয়নি।
করোনার বিস্তার রোধে গত ২৬ মার্চ থেকে দেশে অঘোষিত লকডাউন চলছে। ফলে অসহায় হয়ে পড়েছেন খেটে খাওয়া মানুষ। কর্মক্ষেত্র বন্ধ হয়ে যাওয়ায় তাদের বেঁচে থাকাই কঠিন হয়ে পড়েছে। সমাজের বিত্তশালীদের মধ্যে অনেকে এগিয়ে আসছেন এই দুঃসময়ে। ক্রিকেটাররাও দলগত এবং ব্যক্তিগত উদ্যোগে বিপদগ্রস্ত মানুষদের সাহায্য-সহযোগিতা করছেন। এর আগে তামিমের উদ্যোগেই জাতীয় দলের ক্রিকেটাররা একত্রিত হয়ে তাদের এক মাসের বেতনের ৫০ শতাংশ দান করে দেওয়ার সিদ্ধান্ত নেন। এতে উঠেছে ২৬ লাখ টাকা। এবার তামিম ব্যক্তিগতভাবে বড় অঙ্কের সাহায্য দিলেন দাতব্য সংস্থায়।
‘ফুটস্টেপস’ জাতীয় দলের ওপেনারের এমন মহৎ কাজে ধন্যবাদ জানিয়ে বলেছে, ‘আমাদের কোভিড-১৯ পুনর্বাসন প্রক্রিয়ার মাধ্যমে সুবিধাবঞ্চিত পরিবারগুলোকে খাদ্য সরবরাহের জন্য ব্যাপক অনুদান দেওয়ায় বাংলাদেশ ক্রিকেট অধিনায়ক তামিম ইকবালকে ধন্যবাদ জানাতে চাই।’ ‘তামিম আমাদের মিশনে যোগ দিয়েছেন এবং আপনিও আমাদের যতটা সম্ভব সংগ্রামী পরিবারগুলোতে পৌঁছাতে এবং তাদের এই মহামারী থেকে বাঁচতে সহায়তা করতে পারেন।’












