করোনা ভাইরাস মোকাবিলায় শুরু থেকেই তৎপর মাশরাফি বিন মুর্তজা। সংসদ সদস্য হিসেবে তো করছেনই। এর বাইরে নিজের নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের মাধ্যমে মানুষকে সহযোগিতা দিয়ে যাচ্ছেন জাতীয় দলের সাবেক এই অধনায়ক। গতকাল দুপুরে নড়াইল কারাগারের বন্দি এবং কারা কর্মকর্তা-কর্মচারীদের মাঝে সাবান, মাস্ক, গ্লাভস ও স্যানিটাইজার বিতরণ করেছেন তিনি। এসময় উপস্থিত ছিলেন নড়াইলের জেলা প্রশাসক আঞ্জুমান আরা, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, জেলা সুপার মুজিবর রহমান মজুমদার, নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম।
উল্লেখিত সামগ্রী বিতরণের পর মাশরাফি বলেন, ‘যারা কারাগারে আছে তারাও আমাদের সমাজেরই মানুষ। তাদেরকেও সুরক্ষা করা আমাদেরই দায়িত্ব। আর সেই জন্যই কারাগারের সকল সদস্যদের জন্য বিভিন্ন জিনিস বিতরণ করা হয়েছে।’
মাশরাফির উদ্যোগে গত ১০ই এপ্রিল নড়াইল সদর হাসপাতালের প্রবেশমুখে জীবাণুনাশক চেম্বার স্থাপন করা হয়। হাসপাতালে কেউ প্রবেশ করা বা বের হওয়ার সময় এই চেম্বারে নিজের বহিরাবরণ জীবাণুমুক্ত করতে পারবেন।
শুধু নড়াইল সদর হাসপাতালেই নয়, জীবাণুনাশক চেম্বার স্থাপন করা হবে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা পুলিশের দপ্তরেও। এই কার্যক্রমের তত্ত্বাবধানে রয়েছে মাশরাফির প্রতিষ্ঠিত নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন।
এর আগে মাশরাফি নিজ উদ্যোগে ১২০০ পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছেন। বিতরণ করেছেন ৫০০ পিপিই। রোগীর দোরগোড়ায় সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের মাধ্যমে চালু করেছেন ভ্রাম্যমাণ হাসপাতাল। করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের যাতায়াতের সুবিধায় অ্যাম্বুলেন্সের ব্যবস্থাও করেছেন মাশরাফি। এছাড়াও ক্রিকেটারদের গড়া তহবিলে নিজ বেতন থেকে ২ লাখ ২৫ হাজার টাকা দেন তিনি।












