বিশ্বের এক মহা আতঙ্কের নাম করোনাভাইরাস। পৃথিবীর প্রভাবশালী দেশগুলো এই অদৃশ্য শত্রুর কাছে অসহায়। যুক্তরাষ্ট্র, ইতালি, স্পেনে রোগীদের সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে সংশ্লিষ্টদের। দৈনিক হাজার হাজার মানুষ আক্রান্ত হচ্ছেন এবং শত শত মানুষ পৃথিবী ছেড়ে বিদায় নিচ্ছেন। এমন অবস্থায় আশার কথা হলো এখন পর্যন্ত চার লাখের বেশি মানুষ করোনাভাইরাসকে হারিয়ে সুস্থ জীবনে ফিরে এসেছেন।
রবিবার সকাল পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন চার লাখ চার হাজার ৩১ জন। সুস্থ হওয়াদের মধ্যে চীনের ৭৭ হাজার ৫৭৫ জন, স্পেনের ৫৯ হাজার ১০৯ জন, জার্মানির ৫৭ হাজার ৪০০ জন, ইতালির ৩২ হাজার ৫৩৪ জন এবং যুক্তরাষ্ট্রের ৩০ হাজার ৪৫৩ জন। এছাড়া বিশ্বের বাকি দেশগুলোতেও উল্লেখযোগ্য সংখ্যক মানুষ করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন।
রবিবার সকাল পর্যন্ত করোনায় বিশ্বব্যাপী নিহতের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৮ হাজার ৮২৭ জনে এবং আক্রান্তের সংখ্যা ১৭ লাখ ৮০ হাজার ৩১৪ জন।
আক্রান্ত ও নিহতের সংখ্যায় সবাইকে ছাড়িয়ে গিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। সেখানে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৩২ হাজার ৮৭৯ জন এবং মৃত্যু হয়েছে ২০ হাজার ৫৭৭ জনের।
আক্রান্তের দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে স্পেন। সেখানে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ লাখ ৬৩ হাজার ৪২৭ জন এবং মৃত্যু হয়েছে ১৬ হাজার ৬০৬ জনের।
মৃত্যুর দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ইতালি। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ লাখ ৫২ হাজার ২৭১ জন এবং মৃত্যু হয়েছে ১৯ হাজার ৪৬৮ জনের।
চীনের উহান থেকে বিস্তার শুরু করে গত তিন মাসে বিশ্বের ২০০টিরও বেশি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস (কোভিড-১৯)। চীনে করোনার প্রভাব কমলেও বিশ্বের অন্য কয়েকটি দেশে মহামারি রূপ নিয়েছে।












