
চীন, ইতালি ছাড়িয়ে করোনায় মৃত্যুর রেকর্ড করেছে যুক্তরাষ্ট্র। দেশটির নিউ ইয়র্ক প্রথম আক্রান্ত হয়। এতদিন বলা হয়েছিল এশিয়া থেকেই করোনাভাইরাস নিউ ইয়র্কে সংক্রমণ ছড়িয়েছে। কিন্তু নতুন প্রতিবেদন বলছে এশিয়া নয়, ইউরোপ থেকেই নিউ ইয়র্কে ছড়িয়েছে করোনা।
গত দুই তিন মাসে ইউরোপীয় দেশগুলি থেকে আসা পর্যটকদের কারণেই মার্কিন যুক্তরাষ্ট্রে করোনা সংক্রমণ হচ্ছে। দ্য নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত রিপোর্টে এমনটাই দাবি করা হয়েছে। এখনও পর্যন্ত করোনার আক্রমণে আমেরিকায় মৃত্যু হয়েছে ১৮ হাজার ৫৮৬ জন মানুষের। মোট আক্রান্তের সংখ্যা ৪ লক্ষ ৯৬ হাজার ৫৩৫। গত চব্বিশ ঘণ্টায় নতুন করে সংক্রমণ ছড়িয়েছে ৩৫ হাজার ৯৮ জনের মধ্যে। গত কয়েক দিন ধরেই করোনার ভরকেন্দ্র হয়ে উঠেছে আমেরিকা।
মার্কিন দৈনিকের ওই রিপোর্টে বলা হচ্ছে, গত ফেব্রুয়ারি মাস থেকেই করোনা সংক্রমণ শুরু হয় আমেরিকায়। এবং মার্চের ১১ তারিখ অবধি ইউরোপীয় বিভিন্ন দেশ থেকে আমেরিকায় এসেছেন পর্যটকরা। এবং ৩১ জানুয়ারি চিন থেকে আকাশপথে আর কাউকে ঢুকতে দেওয়া হয়নি।
মার্কিন মুল্লুকের বিভিন্ন মেডিক্যাল কলেজে করোনা নিয়ে গবেষণায় এই তথ্য উঠে এসেছে।
নিউ ইয়র্কের একদল গবেষকের মতে, মাত্র দুই সপ্তাহে নিউ ইয়র্কে এতটা সংক্রমণ হতে পারে না। দুই তিন মাস ধরে করোনা ছিল। কিন্তু সেভাবে প্রকাশ পায়নি। এবার ঠিকমতো পরীক্ষা চালু করতেই আসল সত্যিটা বেরিয়ে এসেছে। মার্কিন গবেষকরা বলেছেন, ইটালি ও স্পেনের অবস্থা দেখলেই নিউ ইয়র্কের ছবিটা পরিষ্কার হয়ে যাবে। তবে শক্তিধর আমেরিকা যে করোনার কাছে জবুথবু তা স্পষ্ট। সেখানেও লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় সেখানে প্রাণ হারিয়েছেন ২ হাজার ১০৮ জন।











