করোনার ছুটিতে বন্ধ অফিস-আদালত। নিত্যপণ্যের দোকান ছাড়া সব বিপণীতে তালা। ছুটিতে যারা গ্রামে গেছেন, তালা ঝুলছে তাদের দুয়ারেও। মানুষও বের হচ্ছে না পথে। সুমসাম শহরে বাড়তে পারে চুরি-এমন আশঙ্কা থেকেই সারা দেশে আরও নিরাপত্তা বাড়াতে পুলিশকে নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক অধিশাখা-২ থেকে পুলিশ মহাপরিদর্শককে এ বিষয়ে চিঠি দেওয়া হয়েছে।
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে আগামী ২৫ এপ্রিল পর্যন্ত ছুটিতে থাকবে সারা দেশ। দীর্ঘ এই সময়টায় ঢাকাসহ সারা দেশে গুরুত্বপূর্ণ অফিস-আদালত, দোকানপাট ও অনেক বাসা-বাড়িতে কেউ থাকবে না। তাই নিরাপত্তা বাড়ানোর প্রয়োজন আছে বলে মনে করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
সিনিয়র সহকারী প্রধান এইচ এম মনিরুজ্জামানের সই করা চিঠিতে বলা হয়, ‘১০ এপ্রিল জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে দেশব্যাপী করোনাভাইরাস মোকাবেলায় এবং বিস্তার রোধে অধিকতর সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের অংশ হিসাবে ২৫ এপ্রিল পর্যন্ত সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এতে দেশের অফিস-আদালত, দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান, মার্কেট, বিভিন্ন ধরনের বিপণিবিতানসহ সকল গার্মেন্টস, কারখানা, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।’
‘ছুটিকালীন সময়ে অনেকেই ঢাকা মহানগরীসহ বিভিন্ন মেট্রোপলিটন শহর জেলা ও উপজেলা এলাকার আবাসিক বাড়িঘর তালাবদ্ধ রেখে গ্রামের বাড়িতে গমন করেছেন। ফলে ব্যবসাপ্রতিষ্ঠান, বিপনী বিতান, শপিং মল, ব্যাংক, এটিএম বুথ, স্বর্ণের দোকান, ওষুধের দোকান, আবাসিক এলাকায় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নজরদারি বৃদ্ধি করা প্রয়োজন।’
চিঠিতে আরো বলা হয়, ‘এমতাবস্থায় দেশের সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা ও জানমালের নিরাপত্তা নিশ্চিতকল্পে ঢাকা মহানগরীসহ দেশের সকল মেট্রোপলিটন, শহর, বিভাগ, জেলা-উপজেলা পর্যায়ে নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারি ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হল।’












