২৫ এপ্রিল পর্যন্ত গণপরিবহন বন্ধ

বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনাভাইরাস বা কোভিড-১৯-এর সংক্রমণ রোধে সকল প্রকার গণপরিবহন বন্ধ রাখার সময়সীমা আগামী ২৫ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) রাজধানীর সংসদ ভবন এলাকায় নিজের সরকারি বাসভবনে এক ভিডিও সংবাদ সম্মেলনে এ কথা জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, সরকার সাধারণ ছুটি আগামী ২৫ এপ্রিল পর্যন্ত বর্ধিত করায় দেশব্যাপী চলমান গণপরিবহন বন্ধের সিদ্ধান্ত আগামী ২৫ এপ্রিল পর্যন্ত বর্ধিত করা হলো।

মন্ত্রী বলেন, পণ্যবাহী পরিবহন, খাদ্যদ্রব্য, জরুরিসেবা, পচনশীল দ্রব্য পরিবাহী, ওষুধ শিল্প, ত্রাণবাহী গাড়ি, গণমাধ্যম, কৃষি মৎসজাত পণ্য ও দুগ্ধজাত পণ্য পরিবহনে এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। যারা পণ্যপরিবহনের মধ্যে যাত্রী বহন করছেন, তাদের সতর্ক করে ওবায়দুল কাদের বলেন, আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ্য করছি, পণ্যবাহী পরিবহনে যাত্রী বহন করা যাবে না- এমন নিষেধাজ্ঞা অনেকে মানছেন না।

করোনাভাইরাসের সংকটের মধ্যে পদ্ধা সেতুতে আরও একটি স্প্যান বসানোর অগ্রগতি তুলে ধরেন সেতুমন্ত্রী। বলেন, এই সংকটের মধ্যেও আমি জাতিকে শেখ হাসিনা সরকারের পক্ষ থেকে একটি সুখবর দিচ্ছি। এই প্রতিকূল অবস্থার মধ্যেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সর্বাধিক অগ্রাধিকার প্রকল্প পদ্মা সেতুতে ২০ এবং ২১ নম্বর পিলারের উপর ২৮তম স্প্যান স্থাপন করা হয়েছে।

তিনি আরও বলেন, এর ফলে ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ সেতুর ৪ দশমিক ২ কিলোমিটার দৃশ্যমান হলো। আর বাকি রইলো ১৩টি স্পানের কাজ। প্রতিকূল পরিস্থিতির মধ্যেও দেশি-বিদেশিসকল প্রকৌশলী, টেকনিশিয়ান শ্রমিক পরামর্শক যারা তাদের দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করে যাচ্ছেন, হাসিনার সরকারের পক্ষ থেকে আমি তাদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন