মাস্ক পরতে বলায় ক্ষিপ্ত হওয়া এক ব্যক্তিকে গুলি করে হত্যা করল ফিলিপাইনের পুলিশ। নিহত ব্যক্তি গ্রাম কর্তৃপক্ষের দিকে ধারালো অস্ত্র দিয়ে তেড়ে আসলে পুলিশ গুলি চালায়।ডয়চে ভেলে জানায়, দেশটির আগুসান দেল নর্তে প্রদেশের নাইসিপিত শহরে এই ঘটনা ঘটে।
শনিবার পুলিশ জানায়, গ্রামের এক স্বাস্থ্যকর্মী ৬৩ বছর বয়সী ওই ব্যক্তিকে মুখে মাস্ক পরতে বলে। এতে ওই ব্যক্তি ক্ষিপ্ত হয়ে উঠে সেই সঙ্গে গালিগালাজ করতে থাকে। একপর্যায়ে গ্রাম কর্তৃপক্ষের দিকে ধারালো অস্ত্র নিয়ে তেড়ে আসে সে।ঘটনার সময় ওই ব্যক্তি মাদকাসক্ত ছিল বলে পুলিশের ধারণা।
করোনাভাইরাসে ঘোষিত লকডাউন অমান্য করায় এই প্রথম মৃত্যুর ঘটনা ঘটল।করোনা রোধে দেশটিতে দুই সপ্তাহ আগে এক মাসের লকডাউন ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সামরিক বাহিনীকে কঠোর নির্দেশ দিয়েছে সরকার।
গত সপ্তাহে লকডাউন অমান্য করলে গুলি করে হত্যার নির্দেশের দেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে।এদিকে দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৩ হাজার ৪১৪ জন মানুষ। এর মধ্যে মারা গেছে ১৫২ জন। অপর্যাপ্ত স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীর কারণে আক্রান্ত হচ্ছেন চিকিৎসকেরাও। এর মধ্যে ১০ জনের বেশি চিকিৎসক করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।এর আগে লকডাউন নির্দেশনা না মেনে রাস্তায় বের হওয়ায় নাইজেরিয়ায় এক যুবককে গুলি করে মারে দেশটির সেনাবাহিনী।












