পাকিস্তান ক্রিকেটে মিসবাহ-উল-হকের অবদান অবিস্মরণীয়। ফিক্সিং কেলেঙ্কারিতে যখন দেশটির ক্রিকেট জর্জরিত, ঠিক তখন দায়িত্ব গ্রহণ করেন তিনি। তার অধিনায়কত্বে ঘুরে দাঁড়ায় আনপ্রেডিক্টেবল দলটি। ধীরে ধীরে কলঙ্কের কালিমা মুছে সবকিছ সামাল দিয়ে সামনে এগিয়ে যায় তারা।
মিসবাহর নেতৃত্বে ওই কালো অধ্যায় পেছনে ফেলে টেস্ট ক্রিকেটে একনম্বর স্থানে আসীন হয় পাকিস্তান। তার হাত ধরে সীমিত ওভারের ক্রিকেটেও বড় বড় সাফল্য পায় দলটি।
পরিপ্রেক্ষিতে খেলোয়াড়ি জীবন শেষেও তাকে ছাড়েনি পাক ক্রিকেট বোর্ড (পিসিবি)। টুকটুকখ্যাত ক্রিকেটারকে দেশের ক্রিকেটের গুরুদায়িত্ব দিয়েছে তারা। তাকে জাতীয় দলের প্রধান কোচ ও নির্বাচক বানিয়েছে পিসিবি।
তবে এ দ্বৈত ভূমিকায় মিসবাহর কার্যকলাপ মোটেই ভালো লাগছে না পাকিস্তানের কিংবদন্তি ব্যাটসম্যান মোহাম্মদ ইউসুফের। তিনি বলেন, আমি বুঝে উঠতে পারি না, একজন মানুষকে কেন এত দায়িত্ব দেয়া হলো। আর সে এ দায়িত্ব যেভাবে পালন করছে, তাতে আমি কোনো পরিকল্পনার ছাপ দেখতে পাচ্ছি না।
সামনে অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেটা মাথায় রেখে অভিজ্ঞ দুই অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ ও শোয়েব মালিককে দলে ফিরিয়েছেন মিসবাহ।
কিন্তু ইউসুফ মনে করছেন, এটা সময়োপযোগী সিদ্ধান্ত হয়নি। এ নিয়ে সরাসরি প্রশ্ন তুলে বসেছেন ৪৫ বছর বয়সী ক্রিকেটার। তিনি বলেন, হাফিজ-মালিককে কেন আবারও ডাকা হলো? অস্ট্রেলিয়ার মাটিতে তাদের রেকর্ড তো দিনের আলোর মতো পরিষ্কার। পাকিস্তান ক্রিকেট তো পেছনের দিকে হাঁটছে। মিসবাহ দেশের ক্রিকেটকে বিভ্রান্ত করছে। শিগগির এ পথ পরিবর্তন করতে হবে।
তথ্যসূত্র: ক্রিকেট পাকিস্তান ডটকম।












