করোনাভাইরাসের (কভিড-১৯) চিকিৎসার জন্য ভারতের কাছে কয়েক কোটি হাইড্রোক্সিক্লোরোকুইন ট্যাবলেট চেয়েছে যুক্তরাষ্ট্র।
রবিবার (৫ এপ্রিল) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করে এই ওষুধ চেয়েছেন বলে জানিয়েছে ভয়েস অব আমেরিকা।
ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলার পর ট্রাম্প নিজেই হোয়াইট হাউসে সাংবাদিকদের কাছে সে কথা জানিয়ে বলেন, মোদি যথাসাধ্য চেষ্টা করবেন বলে আশা করা যায়।
আপনি নিজে কি ওই ট্যাবলেট খাবেন? সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘হ্যাঁ, খেতেই পারি! চিকিৎসকরা বললে খাব।’
করোনাভাইরাস সংক্রমণ জনিত চিকিৎসার জন্য কয়েকদিন হলো যুক্তরাষ্ট্রে এই ওষুধটি ব্যবহার করা হচ্ছে এবং ভালো ফল পাওয়া গিয়েছে। মূলত ম্যালেরিয়ার পুরনো ওষুধ হাইড্রোক্সিক্লোরোকুইন আর্থরাইটিস এবং ওই ধরনের আরও কিছু অসুখের চিকিৎসায় ব্যবহৃত হয়। ভারতের কয়েকটি বড় ওষুধ কোম্পানি এই ট্যাবলেট তৈরি করে থাকে। তারই দুটির কাছে যুক্তরাষ্ট্রের ওষুধ কোম্পানিগুলো বেশ কয়েক কোটি ট্যাবলেট অর্ডার দিয়েছিল। কিন্তু ভারতে করোনা সংক্রমণ বাড়ার পরে সরকার গত মাসে ওষুধটির রফতানিতে নিষেধাজ্ঞা আরোপ করে।
এদিকে যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে বলে সেদেশে এখন হাইড্রোক্সিক্লোরোকুইনের কয়েক কোটি ডোজ মজুত থাকলেও যুক্তরাষ্ট্র সরকার আরও কয়েক কোটি ডোজ সংগ্রহ করে রাখতে চাইছে।
ভারতের প্রধানমন্ত্রী মোদিকে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ট্রাম্পের টেলিফোনের কারণও তাই। যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে ওষুধটি রফতানিতে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য ট্রাম্প মোদিকে অনুরোধ করেন।
ভারতের প্রধানমন্ত্রীর দফতর থেকে জানানো হয়েছে, একটি দায়িত্বশীল দেশ হিসেবে ভারত অবশ্যই বন্ধুদেশের অনুরোধ রাখতে চেষ্টা করবে। তবে ভারতীয়দের জন্য যথেষ্ট ওষুধের ব্যবস্থা করার পরে।












