করোনাভাইরাস: ঘরবন্দি মুশফিকও মজে আছেন ক্রিকেটে

দেয়ালে সাঁটানো কিছু কাগজ। প্রতিদিনের ফিটনেস ট্রেনিংয়ের সূচি লেখা। মেঝেতে ফিটনেস ট্রেনিংয়ের কিট। বিছানায় রাখা ব্যাট-বল। কাগজে চোখ বুলিয়ে শুরু কাজ। ঘড়িতে চোখ রেখে শুরু ট্রেডমিলে দৌড়ানো। এরপর ফিটনেসের নানা কসরত। শেষে ব্যাট হাতে হালকা নক করা। ঘরবন্দি দিনগুলোতেও যেন কিছুই বাদ রাখছেন না মুশফিকুর রহিম!

বাসার ড্রইংরুম থেকে শুরু করে বেডরুম, যেন তার জিমনেশিয়াম। ঘরের জানালা, চেয়ার, সোফা, পাঁচ লিটারের পানির বোতল, ঘরের অন্যান্য আসবাবপত্র, এমনকি বালিশ, ফিটনেস ট্রেনিংয়ে সবই কাজে লাগছে মুশফিকের।

নিজের অফিশিয়াল ফেসবুক প্রোফাইলে মঙ্গলবার সকালে একটি ভিডিও পোস্ট করেছেন মুশফিক। সেখানেই দেখা গেছে, করোনাভাইরাসের কারণে ঘরে আটকে থাকার এই সময়ে যেভাবে নিজেকে প্রস্তুত রাখছেন তিনি। লম্বা এই অবসরে ঘরে বসেই টুকটাক ফিটনেসের কাজ করতে বাধ্য হচ্ছেন ক্রিকেটারদের সবাই। মুশফিককে দেখা গেল এত সীমাবদ্ধতার ভেতরও প্রায় পূর্ণাঙ্গ জিম সেশনের মতোই করতে।

ফিটনেসের কাজ শেষে দেয়ালে বল ছুড়ে হালকা ক্যাচিং ড্রিলও করে নিলেন। এরপর আরও চমক। ঘরের মধ্যেও বাদ নেই ব্যাটিং! ব্যাট হাতে ক্রিকেট বলে ‘টেপিং’ করা চলল কিছুক্ষণ। এরপর টেনিস বলে হালকা নক করা। কেউ একজন ছুড়ছিলেন বল, মুশফিক খেলছিলেন আলতো করে ড্রাইভ। সব মিলিয়ে বদ্ধ জীবনেও প্রস্তুতিতে কোনো ঘাটতি যেন রাখতে চান না মুশফিক!

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন