পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীসহ সব নাগরিকের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কোনও অংশকে বাদ দিয়ে জাতির সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। তাই সরকার সব জাতিগোষ্ঠীর উন্নয়নেই সমান গুরুত্ব দিয়ে বিভিন্ন কল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে।
শুক্রবার (২৬ জুন) মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলা প্রশাসন আয়োজিত প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে গৃহীত ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত), শীর্ষক কর্মসূচির ২০১৯-২০ অর্থবছরের আওতায় অধ্যায়নরত ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষাবৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ঢাকাস্থ সরকারি বাসভবন থেকে অনলাইনে সংযুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, সরকারের এ সহায়তা সঠিকভাবে কাজে লাগিয়ে উপযুক্ত শিক্ষা গ্রহণ করতে হবে। নিজেদের যোগ্য করে গড়ে তুলে সমাজ ও দেশের উন্নয়নে কাজ করতে হবে।
বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার শামীম আল ইমরানের সভাপতিত্বে শিক্ষাবৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমেদ এবং বড়লেখা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজ উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে ২৫৪ জন শিক্ষার্থীদের মধ্যে ৮ লাখ টাকার শিক্ষাবৃত্তির চেক এবং পেন্সিল, জ্যামিতি বক্স, ছাতাসহ বিভিন্ন ধরনের শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।












