লন্ডন রুটে উড়োজাহাজ চলাচলের মাধ্যমে নিষেধাজ্ঞার আওতায় থাকা আন্তর্জাতিক রুটের ফ্লাইট শুরু করতে যাচ্ছে বাংলাদেশ।
আগামী ১৬ জুন (মঙ্গলবার) থেকে লন্ডন রুটে ফ্লাইট চলাচল শুরু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ারভাইস মার্শাল মফিদুর রহমান।
বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে মফিদুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এছাড়া কাতার রুটেও ফ্লাইট চলাচলের অনুমতি পাওয়া গেছে। তবে এক্ষেত্রে শুধুমাত্র ট্রানজিট ফ্লাইটগুলোতে সেখানে অবতরণ করতে পরবে। তবে কোনো যাত্রী কাতার ইমিগ্রেশন পার করতে পারবেন না। অর্থাৎ কাতারে অবতরণের অনুমতি থাকলেও সে দেশের যাত্রী নেওয়া যাবে না।
মফিদুর রহমান বলেন, কাতার এয়ারওয়েজকে ঢাকা থেকে দোহা রুটে ফ্লাইট পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে। ইউরোপ বা অন্যান্য রুটে তারা যে ফ্লাইট পরিচালনা করে সেসব ফ্লাইটের ট্রানজিট সেখানে করতে পারবে।
বাংলাদেশ থেকে যুক্তরাজ্যের দুটি রুটে অর্থাৎ লন্ডন ও ম্যানচেস্টার রুটে ফ্লাইট পরিচালনা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর বিমানের ফ্লাইট লন্ডন যেতে পারবে।












