করোনাভাইরাস গবেষণাগারে তৈরি বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবিকে প্রত্যাখ্যান করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। শুক্রবার (১ মে) এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সংস্থাটির হেলথ ইমার্জেন্সিস প্রোগ্রামের প্রধান মাইকেল রায়ান বলেছেন, করোনার সৃষ্টি প্রাকৃতিক ভাবেই।
বিজ্ঞানীদের ধারণা, প্রাণঘাতী করোনাভাইরাস প্রাণী থেকে মানব দেহে সংক্রমিত হয়েছে। গত চীনের উহান প্রদেশে মাংসের বাজার থেকেই এই ভাইরাস ছড়িয়েছে।
তবে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, তার কাছে প্রমাণ আছে যে উহানের একটি গবেষণাগার থেকে এই ভাইরাস ছড়িয়েছে। যদিও তিনি এই বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।
ডব্লিউএইচওর ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ট্রাম্পের দাবির বিষয়ে জানতে চাইলে সংস্থাটির হেলথ ইমার্জেন্সিস প্রোগ্রামের প্রধান বলেন, জাতিসংঘের স্বাস্থ্য সংস্থা ভাইরাসটির সিকোয়েন্স নিয়ে কাজ করা গবেষকদের কাছে বহুবার জানতে চেয়েছে। আমাদের নিশ্চিত করা হয়েছে যে, এই ভাইরাসটি প্রাকৃতিক।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, তারা বন্যপ্রাণীর মধ্যে করোনাভাইরাসের উৎস খুঁজতে চীনের সঙ্গে অনুসন্ধানে যোগ দিতে চায়। এ বিষয়ে রায়ান বলেন, বন্যপ্রাণী থেকে মানবদেহে করোনাভাইরাসের সংক্রমণ কীভাবে ঘটলো সেটা বোঝা জরুরি। কারণ এর মাধ্যমে একই ঘটনা অন্য কোথাও ঘটা প্রতিরোধ ও জনস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা যাবে।
এর আগে, ডব্লিউএইচও প্রধান টেড্রোস আধানম গ্যাব্রিয়েসুস শুক্রবার আবারও করোনা মহামারি মোকাবিলায় তার সংস্থার বিরুদ্ধে ট্রাম্পের তোলা ব্যর্থতার অভিযোগ অস্বীকার করেছেন।
তিনি বলেছেন, গত ৩০ জানুয়ারি করোভাইরাসে আক্রান্ত রোগী মাত্র ৮২ জন থাকতে ও কোনও প্রাণহানির আগেই সর্বোচ্চ স্বাস্থ্য সতর্কতাসহ আন্তর্জাতিক উদ্বেগ জানিয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আমরা মোটেও সময় নষ্ট করিনি। (পরিস্থিতি নিয়ন্ত্রণে) হস্তক্ষেপ করার জন্য যথেষ্ট সময় পেয়েছিল বিশ্ব।












