ইতালিতে ২৪ ঘন্টায় মৃত ৫৬৬, সুস্থ ১২২৪

ইউরোপের অন্যতম প্রাকৃতিক সৌন্দর্যের দেশ ইতালিতে গত একদিনে সুস্থ হয়েছেন ১ হাজার ২২৪ জন করোনা রোগী। আর এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩৫ হাজার ৪৫৪ জন। সোমবার (১৩ এপ্রিল) নিয়মিত প্রেস ব্রিফিংয়ে ইতালির নাগরিক সুরক্ষা সংস্থার প্রধান অ্যাঞ্জেলো বোরেল্লি এসব তথ্য তুলে ধরেন। তিনি জানান, গত এক দিনে ইতালিতে  করোনায় প্রাণ হারিয়েছেন ৫৬৬ জন। আক্রান্ত হয়েছেন ৩ হাজার ১৫৩ জন। মোট প্রাণ হারিয়েছেন ২০ হাজার ৪৬৫ জন। আক্রান্ত হয়েছে এক লাখ ৫৯ হাজার ৫১৬ জন।

বোরেল্লি আরও বলেন, ইতালিতে করোনার প্রকোপ কমতে শুরু করেছে। ইতালি খুব শীঘ্রই স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে বলে আমরা আশাবাদী।

এদিকে ইতালিতে করোনায় ৮ বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার প্রবাসী বাংলাদেশিদের অনুরোধ জানিয়ে বলেন, এ মুহূর্তে সবাইকে ইতালিয়ান সরকারের আইন মানতে হবে এবং নিজ বাসায় অবস্থান করে দেশকে সুরক্ষা করতে হবে।

তিনি ইতালি প্রবাসীদের উদ্দেশ্যে আরও বলেন, আপনার সচেতনতা করোনাভাইরাস মোকাবিলায় সহায়ক ভূমিকা রাখবে। নিজে এবং অন্যের সুরক্ষায় সর্তকতা অবলম্বন করুন। কোন বাংলাদেশি করোনা আক্রান্ত হলে দূতাবাসের সাথে যোগাযোগ করা হলে তাকে সব ধরণের সহযোগিতা করা হবে। বেকার কর্মহীনদেরও সহযোগিতা করা হবে।

করোনা সংক্রমণ রোধ করতে ইতালিতে ফের বাড়ানো হয়েছে লকডাউনের সময়। ১৩ এপ্রিল লকডাউনের সময় শেষ হওয়ার কথা থাকলেও তা আগামী ৩ মে পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। তবে এর আগেই কিছু কিছু এলাকায় লকডাউন তুলে নেয়া হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন